দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সরকার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের ফল। তাই এই অর্জনের কৃতিত্ব কোনো একক দল বা গোষ্ঠী দাবি করতে পারে না।
সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, যুবসমাজকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বরং বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অনিয়ম বেড়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, চাকরি সৃষ্টির পরিবর্তে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
জামায়াত আমির আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং সুশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক সহনশীলতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করা।
সম্মেলনে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের অধিকার এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে দলটির নেতাকর্মী, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক