রাজধানীর মতিঝিল এলাকার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে বিশেষ অভিযান চালিয়ে ৪৬৪টি দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে অস্ত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪)।
পুলিশ জানায়, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহারের প্রবণতা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মতিঝিলের বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসলসদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শকগান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
ডিসি হারুন অর রশিদ বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং ধারালো অস্ত্রের অবাধ বিক্রি বন্ধে ডিএমপি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এসব অস্ত্র যাতে অপরাধীদের হাতে না পৌঁছায়, সে লক্ষ্যেই অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, রাজধানীতে অপরাধ দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে অস্ত্র বিক্রি, মজুত বা সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
কসমিক ডেস্ক