জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সনদের পক্ষে ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
হামিদুর রহমান আযাদের দাবি, সরকার জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তার অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে দলীয় বিবেচনায় নজিরবিহীন নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
তিনি আরও বলেন, দেশে অনিয়ম ও দুর্নীতি আবারও বাড়ছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্টের সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার অভিযোগও তুলে ধরা হয়। জোটের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে ৫ আগস্ট ‘রক্তাক্ত জুলাই অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকীতে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে এলডিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে ১১ দলীয় জোট ধারাবাহিকভাবে বিভাগীয় সমাবেশ, জেলা ও মহানগরে বিক্ষোভ, গণমিছিল এবং বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জোটের নেতারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।
কসমিক ডেস্ক