এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই তারকাকে দীর্ঘদিন পর আবারও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে, যা দেশের ক্রিকেটভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি। এছাড়া দলে রয়েছেন ধীমান ঘোষ, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুসহ দেশের পরিচিত বেশ কয়েকজন ক্রিকেটার।
এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসরে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের দলে থাকছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং ও সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন কুমার সাঙ্গাকারা ও উপল থারাঙ্গা। অন্যদিকে পাকিস্তান দলের হয়ে খেলবেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও উমর আকমলের মতো তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশ টাইগার্সের পূর্ণাঙ্গ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল এবং সাদেকুর রহমান।
সাকিবের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স কতটা সফল হতে পারে, সেটিই এখন এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অন্যতম বড় আকর্ষণ।
কসমিক ডেস্ক