রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে হবিগঞ্জ-এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে বিজিবির সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে মাঠে দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এর আগে একই দিন পরিস্থিতির অবনতি আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় শহরের টাউন হল এলাকায় একটি পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন।
এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক