গ্যাস খাতে বড় উদ্যোগ, বাপেক্সের রিগ হবে সাতটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গ্যাস খাতে বড় উদ্যোগ, বাপেক্সের রিগ হবে সাতটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
গ্যাস খাতে বড় উদ্যোগ, বাপেক্সের রিগ হবে সাতটি ছবির ক্যাপশন:

দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর জন্য দুটি নতুন রিগ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব ও প্রকল্প প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বাপেক্সের জন্য দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। নতুন রিগ যুক্ত হলে দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বর্তমানে বাপেক্সের কাছে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১—এই পাঁচটি রিগ রয়েছে। নতুন দুটি রিগ কেনা হলে প্রতিষ্ঠানের মোট রিগের সংখ্যা বেড়ে সাতটিতে পৌঁছাবে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক রিগ কেনার জন্য মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন আরেকটি রিগ সংগ্রহের লক্ষ্যে একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে রিগ সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সরকার দেশীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি উন্নয়ন কূপ, ওয়ার্কওভার এবং নতুন অনুসন্ধান কূপ খননসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাপেক্সের একটি মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাবও অনুমোদন করেছে। এর আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপ প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপ প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেলে পরবর্তী পর্যায়ে পরীক্ষণ ও কূপ সম্পন্নকরণের কাজ করা হবে। এর মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুনর্মিলনীতে হাসনাত আবদুল্লাহকে ১৪ লাখ টাকা অনুদান

পুনর্মিলনীতে হাসনাত আবদুল্লাহকে ১৪ লাখ টাকা অনুদান