অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, আগেভাগে জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, আগেভাগে জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, আগেভাগে জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা ছবির ক্যাপশন:

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জুলাই) থেকে এ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সংস্থাটি জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা ডিজিটাল করসেবার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তবে কিছু ক্ষেত্রে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদধারী শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে পেপার রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দেওয়া সম্ভব না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের অনলাইন পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই আয়কর পরিশোধের সুবিধা পাওয়া যাবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদও সংগ্রহ করা যাবে।

ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা নেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য নতুন একটি প্রণোদনা চালু করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। তবে এই রেয়াতের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনার সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে কুড়িগ্রামে এনসিপির কৃষক সম

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে কুড়িগ্রামে এনসিপির কৃষক সম