স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রবিবার (১৯ জুলাই) বিকেলে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে ‘Scam Center Compounds and Transnational Organized Crime’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড, সাইবার প্রতারণা এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, তথ্য বিনিময়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশপ্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা কর্মকর্তারা অংশ নেবেন। আন্তর্জাতিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী অপরাধ মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হবে।
সফরকালে বাংলাদেশের আইজিপি মো. আলী হোসেন ফকির রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা ইস্যু, অপরাধ দমন, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের বিস্তার বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই আইজিপির দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক