প্রত্যেক মানুষের জীবনেই এমন একজন বন্ধু থাকেন, যাকে সবচেয়ে কাছের বা ‘বেস্ট ফ্রেন্ড’ বলা হয়। সুখ-দুঃখ, স্বপ্ন, ব্যর্থতা কিংবা ব্যক্তিগত অনুভূতি—অনেকেই এসব বিষয় তার সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নেন। তবে সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও পরিণত বন্ধুত্বের জন্য কিছু ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু বিষয় নিজের কাছেই রাখা নিরাপত্তা, আত্মসম্মান এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এমন পাঁচটি বিষয় সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রথমত, পাসওয়ার্ড, পিন নম্বর ও আর্থিক তথ্য। বন্ধুত্ব যত গভীরই হোক, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম পিন, ই-মেইলের পাসওয়ার্ড বা অন্যান্য ডিজিটাল তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য এসব তথ্য নিজের কাছেই রাখা উচিত।
দ্বিতীয়ত, সঙ্গীর সঙ্গে হওয়া প্রতিটি ঝগড়া বা মনোমালিন্যের গল্প। ছোটখাটো ভুল বোঝাবুঝির সময় আবেগের বশে বন্ধুকে সবকিছু জানালে পরে সম্পর্ক ঠিক হয়ে গেলেও বন্ধুর মনে সঙ্গী সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে যেতে পারে। তবে মানসিক বা শারীরিক নির্যাতনের মতো গুরুতর পরিস্থিতিতে অবশ্যই বিশ্বস্ত ব্যক্তি বা বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।
তৃতীয়ত, অন্যের ব্যক্তিগত গোপন তথ্য। পরিবারের সদস্য, আত্মীয় বা সহকর্মী যদি কোনো তথ্য গোপন রাখার বিশ্বাসে শেয়ার করেন, তাহলে তাদের অনুমতি ছাড়া সেই তথ্য অন্য কারও সঙ্গে ভাগ করা উচিত নয়। এটি বিশ্বাস ও দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ অংশ।
চতুর্থত, এখনও বাস্তবায়ন না হওয়া বড় পরিকল্পনা। নতুন চাকরি, বিদেশে পড়াশোনা, ব্যবসা বা অন্য কোনো বড় পরিকল্পনা নিশ্চিত হওয়ার আগেই সবার সঙ্গে শেয়ার করলে অপ্রয়োজনীয় চাপ ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার পর জানানোই বেশি সুবিধাজনক।
পঞ্চমত, নিজের সব অনিশ্চয়তা ও আত্মসংশয়। কঠিন সময়ে বন্ধুর সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়া স্বাভাবিক। তবে প্রতিটি কথোপকথন যদি শুধুই নিজের দুর্বলতা ও ব্যর্থতাকে ঘিরে হয়, তাহলে তা মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজের সংগ্রামের পাশাপাশি ইতিবাচক দিকেও গুরুত্ব দেওয়া উচিত।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রকৃত বন্ধুত্ব মানেই সবকিছু খুলে বলা নয়। বরং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সীমারেখা রক্ষা করাই একটি সুস্থ, পরিণত ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি।
কসমিক ডেস্ক