ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে অবস্থিত বুনজি গ্রামের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ উঠেছে। এই হামলার ফলে প্রায় ২০টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে আলজাজিরা জানিয়েছে, হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান হামজেহ পুর বলেছেন, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুনজি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তার দাবি অনুযায়ী, এই ক্ষয়ক্ষতির কারণে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ওই এলাকার বাসিন্দারা তীব্র পানি সংকটের মুখে পড়েছেন।
হামজেহ পুর এই ঘটনাকে ‘অপরাধমূলক’ ও ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম আরও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে অবস্থিত সামুদ্রিক নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। এদিকে বুনজি এলাকার পানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
কসমিক ডেস্ক