আমির খানকে হত্যার হুমকি, আলোচনায় লরেন্স বিষ্ণোই গ্যাং The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমির খানকে হত্যার হুমকি, আলোচনায় লরেন্স বিষ্ণোই গ্যাং

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
আমির খানকে হত্যার হুমকি, আলোচনায় লরেন্স বিষ্ণোই গ্যাং ছবির ক্যাপশন:

বলিউড সুপারস্টার আমির খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও একটি ভয়েস বার্তায় অভিনেতাকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ

জানা গেছে, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত টাইসন বিষ্ণোই ফেসবুকে একটি পোস্ট এবং ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তারা আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলেন এবং দাবি করেন, এমন কর্মকাণ্ড তারা মেনে নেবেন না।

বার্তায় বলা হয়, আমির খান এমন একটি বিষয়কে উৎসাহিত করছেন, যা তাদের দাবি অনুযায়ী দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের পরিপন্থী। পাশাপাশি যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের নিজেদের উপায়ে মোকাবিলা করার হুমকিও দেওয়া হয়।

এই হুমকির ঘটনা সামনে আসে আমির খানের সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের একটি আলোচিত ঘটনার পর। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আয়োজনে তিনি তার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। এটি অভিনেতার তৃতীয় বিয়ে। বিয়ের পর ভারতের কয়েকটি উগ্রবাদী সংগঠন তার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে বিক্ষোভও করে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফেসবুক পোস্ট এবং ভয়েস নোটের মাধ্যমে পাওয়া হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সালমান খানের পর এবার আমির

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম এর আগেও একাধিকবার আলোচনায় এসেছে। বিশেষ করে সালমান খান ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পেয়ে আসছেন।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র মনে করে। এই ঘটনাকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দেন।

এরপর ২০২২ সালে সালমানের বাবা সেলিম খান একটি হুমকিমূলক চিরকুট পান। ২০২৩ সালে ই-মেইলের মাধ্যমে নতুন করে হুমকি দেওয়া হয়। আর ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুর্বৃত্তরা গুলিও চালায়।

বর্তমানে ২০১৫ সাল থেকে কারাবন্দি থাকা লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। ভারতীয় তদন্ত সংস্থাগুলোর অভিযোগ, কারাগারে থাকলেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করছেন।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশ ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে ‘অপারেশন হার্ড বল’ নামে যৌথ অভিযান শুরু করেছে। সেই অভিযানের আওতায় লরেন্স বিষ্ণোই নেটওয়ার্কের বিরুদ্ধেও তদন্ত ও অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু

কুমিল্লায় কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু