বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তন, শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ডেট্রয়েট বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ডেট্রয়েটের বায়ুমান স্কোর ৮০৮, যা অত্যন্ত বিপজ্জনক এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার AQI স্কোর ১০৫। এ স্কোর অনুযায়ী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এই মাত্রার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস, যার AQI ৪১৯। তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (AQI ১৭৭), চতুর্থ স্থানে নিউ ইয়র্ক (AQI ১৭০) এবং পঞ্চম স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা (AQI ১৫৭)।
AQI স্কোরের অর্থ কী?
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—
- ০–৫০: ভালো (Good)
- ৫১–১০০: মাঝারি (Moderate)
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
- ৪০১-এর বেশি: অত্যন্ত বিপজ্জনক, জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার, অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং সংবেদনশীল ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার চেষ্টা করা উচিত। দীর্ঘমেয়াদে বায়ুদূষণ শ্বাসযন্ত্র, হৃদরোগ এবং অন্যান্য জটিল স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
কসমিক ডেস্ক