ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৫ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে পৃথক সময়ে অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট ১১ হাজার ২৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে রয়েছে ৪ হাজার ৪৯৮টি আসন, বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৯৯৭টি আসন।
ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আবেদনকারীকে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। পাশাপাশি যে বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ হাজার ২৪৪ জন। সব মিলিয়ে প্রতি আসনের বিপরীতে প্রায় ৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফলাফল ও পরবর্তী ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক