ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমন হত্যাকাণ্ডের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনার পর সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৩ জুলাই) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু এবং সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৩ জুলাই থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
এর আগে সুমন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়। মামলার পর ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল নিহত সুমনের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপি বা এর সহযোগী সংগঠনে কোনো স্থান নেই। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মামলায় যার নাম এসেছে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্যের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই জেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
তবে পুরো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠু। তিনি বলেন, কোনো ব্যক্তি বা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ কিংবা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু একজন বা দুজনের অভিযোগের কারণে পুরো কমিটি বিলুপ্ত করা ন্যায়সংগত নয়।
তিনি আরও দাবি করেন, সংগঠনের অসংখ্য নেতা-কর্মী দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাই সবার ওপর একসঙ্গে সাংগঠনিক সিদ্ধান্ত প্রয়োগ করাকে তিনি অন্যায্য বলে মনে করেন।
কসমিক ডেস্ক