স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ছবির ক্যাপশন:

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। আইবেরিয়ান উপদ্বীপের এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান এবং দলীয় ভারসাম্য বিবেচনায় অপটা সুপার কম্পিউটার স্পেনকে এগিয়ে রেখেছে। তাদের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮.৬ শতাংশ। পর্তুগালের সম্ভাবনা ২৫.৬ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

শেষ ষোলোতে ওঠার পথটা দুই দলের জন্য ছিল ভিন্ন। পর্তুগালকে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াই করে জয় নিশ্চিত করতে হয়েছে। অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নকআউট পর্বে প্রথম গোল দলকে জয়ের পথে এগিয়ে দেয়।

অন্যদিকে স্পেন দারুণ ছন্দে রয়েছে। তারা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেও একটিও গোল হজম করেনি। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দলটি।

রক্ষণাত্মক দৃঢ়তায় নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে স্পেন। যদি তারা এই ম্যাচেও গোল না খায়, তবে বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি ম্যাচে ক্লিন শিট রাখা প্রথম দল হবে তারা।

শুধু রক্ষণ নয়, আক্রমণেও সমান কার্যকর স্পেন। তারা বর্তমানে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে। এই ম্যাচেও হার এড়াতে পারলে নিজেদের দীর্ঘতম ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে দলটি।

পর্তুগালের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে তার চারটি গোল রয়েছে, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে যেকোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের অন্যতম রেকর্ড। ২০১৮ বিশ্বকাপে তার হ্যাটট্রিক এখনো স্মরণীয়।

অন্যদিকে স্পেনের আক্রমণে মিকেল ওইয়ারসাবাল দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের আসরে চার গোল করে তিনি স্পেনের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানও বেশ জমজমাট। বড় টুর্নামেন্টে পাঁচবার মুখোমুখি হয়ে দু’দলই একটি করে ম্যাচ জিতেছে, বাকি তিনটি ড্র হয়েছে।

তবে সামগ্রিক পারফরম্যান্স ও ধারাবাহিকতায় স্পেন এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। একটি মুহূর্তই বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। তাই কে জিতবে এই আইবেরিয়ান ডার্বি—তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মেরুন শাড়ি, নো-মেকআপ লুক—গয়না ছাড়াই আলোচনায় নববধূ

মেরুন শাড়ি, নো-মেকআপ লুক—গয়না ছাড়াই আলোচনায় নববধূ