যুদ্ধবিধ্বস্ত জীবনের কঠিন বাস্তবতা, পারিবারিক ট্র্যাজেডি আর অগণিত অনিশ্চয়তার মধ্যেও ফুটবলকে আঁকড়ে ধরে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন ইরাকের অধিনায়ক আয়মেন হুসেন। বিশ্বকাপের এই আসর তাকে যেমন নতুন পরিচিতি দিয়েছে, তেমনি সামনে এনেছে তার ভয়াবহ অতীতের সংগ্রামী গল্প।
ইরাকের আল-হাউইজা জেলার আল সাফরা এলাকায় জন্ম নেওয়া আয়মেন হুসেনের শৈশব কেটেছে যুদ্ধ ও সহিংসতার ছায়ায়। চারপাশে গুলির শব্দ, বোমার বিস্ফোরণ এবং অস্থির পরিবেশই ছিল তার নিত্যদিনের সঙ্গী। এমন প্রতিকূল পরিবেশে ফুটবলই ছিল তার একমাত্র আশ্রয় ও স্বপ্ন।
মাত্র ১২ বছর বয়সে তার জীবনে নেমে আসে সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইরাকি সেনাবাহিনীর সদস্য তার বাবাকে আল-কায়েদার জঙ্গিরা নির্মমভাবে হত্যা করে। সেই সময় পরিবার একটি নতুন বাড়ি তৈরির চেষ্টা করছিল। কিন্তু বাবার মৃত্যুতে সেই স্বপ্নও থমকে যায়। অনেক বছর পর এক সাক্ষাৎকারে আয়মেন নিজেই জানান, তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল বাবার শুরু করা সেই অসমাপ্ত বাড়ি সম্পূর্ণ করা।
দুঃখের এখানেই শেষ হয়নি। পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি তার মা ও বড় ভাইকে এলাকা ছাড়ার অনুরোধ করেন। কিন্তু তারা রাজি হননি। পরবর্তীতে বড় ভাই সেনাবাহিনীতে যোগ দেন এবং এক সময় নিখোঁজ হয়ে যান। আইএসআইএস নিয়ন্ত্রিত এলাকায় অপহৃত হওয়ার পর আজও তার কোনো খোঁজ মেলেনি। এই দুই ভয়াবহ ঘটনার পর ভেঙে পড়েন আয়মেন, এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভাবতে শুরু করেন।
কিন্তু সেই অন্ধকার সময়েই তার জীবনে আলো হয়ে আসেন তার মা। মায়ের অনুপ্রেরণা ও জেদের কারণেই তিনি আবারও ফুটবলে ফিরে আসেন। এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন তিনি এবং এক সময় ইরাক জাতীয় দলের নেতৃত্বে পৌঁছে যান। বিশ্বকাপে জায়গা করে নিতে প্লে-অফ পর্বে বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। সেই গোলই ইরাককে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়ান আয়মেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। দ্রুতই প্রতিপক্ষ আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং শেষ পর্যন্ত নরওয়ে জয় তুলে নেয়।
তবুও আয়মেন হুসেনের গল্প শুধু হার-জিতের মধ্যে সীমাবদ্ধ নয়। তার জীবন যেন এক যুদ্ধজয়ী মানুষের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি অধ্যায়ই সংগ্রাম, হারানো আর আবার উঠে দাঁড়ানোর গল্প।
বিশ্ব ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, তার মতো খেলোয়াড়রা শুধু মাঠে পারফর্ম করেন না, বরং কোটি মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। যুদ্ধ, সহিংসতা এবং ব্যক্তিগত ক্ষতির মধ্যেও তার এগিয়ে চলা নতুন প্রজন্মকে শেখায়—কঠিন বাস্তবতাও স্বপ্ন থামাতে পারে না।
আজ আয়মেন হুসেন শুধু ইরাকের অধিনায়ক নন, তিনি হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণার নাম—যার গল্প ফুটবলের বাইরেও মানবিক শক্তির প্রতীক।
কসমিক ডেস্ক