৫ দিন পর সন্দ্বীপে নৌ যোগাযোগ স্বাভাবিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৫ দিন পর সন্দ্বীপে নৌ যোগাযোগ স্বাভাবিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
৫ দিন পর সন্দ্বীপে নৌ যোগাযোগ স্বাভাবিক ছবির ক্যাপশন:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি ও স্পিডবোট চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সতর্ক সংকেত প্রত্যাহার করার পর নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই বিআইডব্লিউটিএ পরিচালিত চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে স্বাভাবিকভাবে স্পিডবোট ও ট্রলার চলাচল শুরু হয়।

কপোতাক্ষ ফেরির মাস্টার সাইফুল ইসলাম জানান, সতর্ক সংকেত প্রত্যাহারের পর দুপুর ২টা ৩০ মিনিটে গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌ যোগাযোগ চালু হওয়ায় পাঁচ দিন ধরে আটকে থাকা শত শত যাত্রী, পণ্যবাহী যানবাহন, চালক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গত ২৫ জুলাই নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে জরুরি রোগী, প্রবাসফেরত যাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। একই সঙ্গে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল সরবরাহও ব্যাহত হয়, যার প্রভাব পড়ে স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে।

এদিকে এই রুটে যান্ত্রিক ত্রুটির কারণে গত প্রায় দুই মাস ধরে নিয়মিত জাহাজ চলাচলও বন্ধ রয়েছে। ফলে ফেরি ও স্পিডবোটই ছিল দ্বীপবাসীর প্রধান ভরসা। বৈরী আবহাওয়ার কারণে সেই সেবাও বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

নৌযান চলাচল পুনরায় শুরু হওয়ায় সন্দ্বীপে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে নৌ যোগাযোগ স্বাভাবিক থাকবে এবং দ্বীপের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আবারও গতি ফিরে পাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন নিয়ে পোস্ট ও মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা

নির্বাচন নিয়ে পোস্ট ও মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা