আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য তুলে ধরছে রিয়াদের লাইব্রেরি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য তুলে ধরছে রিয়াদের লাইব্রেরি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য তুলে ধরছে রিয়াদের লাইব্রেরি ছবির ক্যাপশন:

আরবি ক্যালিগ্রাফির শৈল্পিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সৌদি আরবের রিয়াদে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। বিশ্ব ক্যালিগ্রাফি দিবস উপলক্ষে নেওয়া এসব উদ্যোগে আরবি হস্তলিপির দীর্ঘ ঐতিহ্যের পাশাপাশি আধুনিক সংস্কৃতির সঙ্গে এর সংযোগও তুলে ধরা হচ্ছে।

লাইব্রেরির ‘বিশ্ব আরবি ক্যালিগ্রাফি প্রদর্শনী’তে আরবি ক্যালিগ্রাফির ইতিহাস, শিল্পমূল্য ও নান্দনিকতা নিয়ে ২০০টির বেশি বই প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি প্রখ্যাত ক্যালিগ্রাফারদের শিল্পকর্মও স্থান পেয়েছে। শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ শিল্পীদের জন্য আয়োজন করা হয়েছে ১৫টি কর্মশালা। শিশুদের আগ্রহ বাড়াতে তাৎক্ষণিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পাশাপাশি ক্যালিগ্রাফির বিভিন্ন সরঞ্জাম কেনার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরবি ক্যালিগ্রাফির সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর। কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরির সংগ্রহে বিভিন্ন সময় ও অঞ্চলের ক্যালিগ্রাফিতে লেখা ৩৫০টির বেশি কোরআনের পাণ্ডুলিপি রয়েছে। এসব দুর্লভ পাণ্ডুলিপির কিছু সোনালি অক্ষর, অলংকারমূলক নকশা ও সূক্ষ্ম শিল্পকর্মে সমৃদ্ধ।

লাইব্রেরির সংগ্রহে নাসখ, কুফিক, থুলুথ, তিম্বুকতু ও সুদানি লিপিসহ বিভিন্ন ক্যালিগ্রাফি শৈলীর নিদর্শন রয়েছে। লেভান্ট, ইরাক, মিসর ও ইয়েমেনের ক্যালিগ্রাফিক ঐতিহ্যেরও প্রতিফলন দেখা যায় এসব পাণ্ডুলিপিতে।

গবেষণা ও অধ্যয়নের জন্য লাইব্রেরিতে আরবি ক্যালিগ্রাফি ও শিল্পকলা সম্পর্কিত ৬ হাজার ৪৭৫টি বই রয়েছে। ফলে গবেষক, শিক্ষার্থী ও ক্যালিগ্রাফিপ্রেমীদের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করছে।

এ ছাড়া লেখনপদ্ধতির বিবর্তন নিয়ে ‘লিখন সভ্যতা’ নামে একটি বই প্রকাশ করেছে লাইব্রেরিটি। এতে প্রাচীনকাল থেকে বিভিন্ন যুগে আরবি লেখনশৈলীর পরিবর্তন ও বিকাশ তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে আরবি ক্যালিগ্রাফির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ তৈরির চেষ্টা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিটিভিতে ভাষণ দিতে পারবেন তারেক রহমান

বিটিভিতে ভাষণ দিতে পারবেন তারেক রহমান