শেরপুরের নকলা পৌরসভার সাবেক কমিশনার ও নকলা পৌর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নকলা সাবরেজিস্টার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নকলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তোতা মিয়া নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি বাজার্দী গ্রামের মৃত নুরু মিয়ার কনিষ্ঠ ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সোমবার রাতে তোতা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে তোতা মিয়ার পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছে। তার ছোট ভাই আনার মিয়া বলেন, প্রায় দুই মাস আগে তোতা মিয়া ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তার স্বাভাবিক জীবনযাত্রায় স্মৃতিশক্তি কমে যায় বলে দাবি করেন তিনি।
আনার মিয়া আরও জানান, তোতা মিয়াকে সম্প্রতি ঢাকায় চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সেসব রিপোর্ট হাতে পাওয়ার আগেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নকলা পৌরসভার জালালপুর ওয়ার্ডের সাবেক কমিশনার লালন আহমেদও তোতা মিয়ার অসুস্থতার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, তোতা মিয়া বেশ কিছুদিন ধরে ব্রেন স্ট্রোকের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন। মঙ্গলবার তার গ্রেপ্তারের বিষয়টি জানতে পারেন তিনি।
তবে তোতা মিয়াকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নকলা থানা পুলিশ।
কসমিক ডেস্ক