ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দফায় দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম আমন্ত্রণটি ছিল ফেব্রুয়ারিতে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং দ্বিতীয়টি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি বা সফরের সময়সূচি চূড়ান্ত হলে পরে তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং দেশটির প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ড-সংক্রান্ত বিষয়টিকেও তিনি চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক