১ লাখের বেশি নিষিদ্ধ তেলাপোকা জব্দ, কঠোর বার্তা কর্তৃপক্ষের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১ লাখের বেশি নিষিদ্ধ তেলাপোকা জব্দ, কঠোর বার্তা কর্তৃপক্ষের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
১ লাখের বেশি নিষিদ্ধ তেলাপোকা জব্দ, কঠোর বার্তা কর্তৃপক্ষের ছবির ক্যাপশন:

অস্ট্রেলিয়ায় অবৈধভাবে বিদেশি প্রজাতির তেলাপোকা পালন ও ব্যবসার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে এক বাণিজ্যিক প্রজননকারীর কাছ থেকে ১ লাখেরও বেশি বিদেশি তেলাপোকা জব্দ করা হয়েছে, যা দেশটিতে এ ধরনের সবচেয়ে বড় অভিযানের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা তেলাপোকাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলীয় ডলার। উদ্ধার হওয়া প্রজাতিগুলোর মধ্যে ছিল মাদাগাস্কার হিসিং তেলাপোকা এবং ডুবিয়া তেলাপোকা। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী এসব বিদেশি প্রজাতির তেলাপোকা আমদানি, প্রজনন, পালন কিংবা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানটি পরিচালিত হয় সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বাথার্স্ট এলাকায়। তদন্তের অংশ হিসেবে সেখানে থাকা বিপুল সংখ্যক তেলাপোকা জব্দ করা হয়। কিছু তেলাপোকা আকারে এতটাই বড় ছিল যে সেগুলো মানুষের হাতের তালুর সমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তারা বলছেন, বিদেশি প্রজাতির এসব পোকামাকড় স্থানীয় পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তারা রোগজীবাণু বহন করতে পারে এবং স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষি ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের প্রজাতির আমদানি ও বাণিজ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে।

জব্দ করা তেলাপোকাগুলো সাধারণত পোষা সরীসৃপ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তবে এগুলোর অবৈধ অবস্থানের কারণে কর্তৃপক্ষ সেগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে।

অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন, শক্তি, পরিবেশ ও পানি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিদেশি তেলাপোকার অবৈধ প্রজনন ও বাণিজ্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এজন্য পোষা প্রাণী ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, কারও কাছে ডুবিয়া তেলাপোকা বা মাদাগাস্কার হিসিং তেলাপোকা পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেডারেল আইনের আওতায় আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে হতে পারে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেলাপোকা হিসেবে পরিচিত মাদাগাস্কার হিসিং তেলাপোকা তাদের বিশেষ শব্দের জন্য সুপরিচিত। এরা শরীরের বিশেষ ছিদ্র দিয়ে বাতাস বের করে জোরালো হিসহিস শব্দ তৈরি করে, যা সহজেই মানুষের কানে শোনা যায়। এই বৈশিষ্ট্যের কারণেই প্রজাতিটির নাম হয়েছে ‘হিসিং’ তেলাপোকা।

কর্তৃপক্ষের মতে, অস্ট্রেলিয়ার পরিবেশ ও কৃষি খাতকে সুরক্ষিত রাখতে অবৈধ বিদেশি প্রাণী ও পোকামাকড়ের বিরুদ্ধে নজরদারি এবং আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শাহরুখের পর এবার সালমানের নায়িকা নয়নতারা

শাহরুখের পর এবার সালমানের নায়িকা নয়নতারা