রাশিয়ার রাজধানী মস্কো-তে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে উৎসবমুখর পরিবেশে মিলিত হন প্রবাসী বাংলাদেশি, বিদেশি অতিথি এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা।
উৎসব উপলক্ষে পুরো প্রাঙ্গণকে সাজানো হয় বর্ণিল আলপনা, রঙিন কাগজ, বেলুন, ব্যানার, নকশি কাঁথা, মাটির কলসি ও ঐতিহ্যবাহী নানা উপকরণ দিয়ে। এতে করে দূতাবাস প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশের রূপ নেয়।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল বৈশাখী শোভাযাত্রা। মস্কোর রাস্তায় প্রথমবারের মতো আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও বিদেশি অতিথিরা। রঙিন ব্যানার, প্রতিকৃতি ও উৎসবের প্রতীকী উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে।
উৎসব ঘিরে বিভিন্ন স্টলে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলা খাবার, পিঠা, মিষ্টান্ন, বিরিয়ানি ও চটপটি। পাশাপাশি ছিল দেশীয় পোশাক ও হস্তশিল্পের প্রদর্শনী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় এসো হে বৈশাখ গানটি। এরপর দিনব্যাপী সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে রাশিয়ান শিল্পীদের পরিবেশনায় বাঙালি নৃত্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরা প্রতিটি বাঙালির জন্য গর্বের বিষয়। তিনি প্রবাসে থেকেও এই সংস্কৃতি ধারণ ও প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
একই সময়ে দূতাবাসের উদ্যোগে সপ্তাহব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের চিত্রকর্ম স্থান পায়। এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতির বিস্তার ও পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক