এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ৯৫টি ফ্লাইটে তারা দেশ ছাড়েন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টায় প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৫০৮ জন।
ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ ৪২টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজযাত্রীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন রংপুরের কোতোয়ালি এলাকার ৬৩ বছর বয়সী মো. শামসুল আলম। তিনি মঙ্গলবার মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এ বছর সরকারি ব্যবস্থাপনায় এটি প্রথম মৃত্যুর ঘটনা।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় মৃত্যুবরণ করেন।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা যান এবং একই দিনে শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মক্কায় মৃত্যুবরণ করেন। ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
হজ অফিসের তথ্যমতে, এ বছর মোট ৭৮ হাজার ৪০০ জনের মতো বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
ঢাকায় সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজারের বেশি হজযাত্রীর ভিসা ইস্যু করেছে বলে জানা গেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টি ভিসা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ও যাত্রী পরিবহন কার্যক্রম চলমান রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
কসমিক ডেস্ক