বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে ৪ জুন দিবসটি পালিত হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস হিসেবে উদযাপিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের পর তা অনুমোদিত হয়।
তারিখ পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে। বিশ্বব্যাপী চা উৎপাদনকারী গুরুত্বপূর্ণ দেশগুলোও একই দিনে দিবসটি উদযাপন করে থাকে।
এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশেও জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত পরিপত্র অনুযায়ী এখন থেকে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সমন্বয় বাড়বে এবং দেশের চা শিল্পকে বৈশ্বিকভাবে আরও তুলে ধরার সুযোগ তৈরি হবে।
কসমিক ডেস্ক