ভারতের কাছে হেরে রানার-আপ বাংলাদেশ ‘এ’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের কাছে হেরে রানার-আপ বাংলাদেশ ‘এ’

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
ভারতের কাছে হেরে রানার-আপ বাংলাদেশ ‘এ’ ছবির ক্যাপশন:

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ‘এ’ নারী দল। ভারতের বিপক্ষে ৪৬ রানের পরাজয়ে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাঘিনীদের।

ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। শুরুতে দুই ওপেনার নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দা ভালো সূচনার আভাস দিচ্ছিলেন। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই ধাক্কা খায় ভারত ‘এ’।

ফাতেমা জাহানের বলে দীনেশ আউট হওয়ার এক ওভার পর ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক পরের বলেই ফারজানা ইয়াসমিনের শিকার হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ফলে ৩৩ রানেই ৩ উইকেট হারায় ভারত।

চাপ বাড়তে থাকলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ভারতকে চাপে ফেলেছিল বাংলাদেশ।

তবে এরপর ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন। ৩০ বলে ৩৬ রান করে রাধা আউট হলেও অপর প্রান্তে আগলে ছিলেন তেজাল। তিনি ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে ভারত ‘এ’।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই নেন ৪ উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে সতর্ক ছিল। তবে তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারায় দল। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

শামিমা ১৫ বলে ২০ রান করে আউট হলে আবার চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। শারমিন ৩০ বলে ১৮ রান করেন। সাদিয়ার ব্যাট থেকে আসে ১০ রান। বল হাতে উজ্জ্বল ফাহিমা ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে ফেরেন।

শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’। ফলে ভারত জয় পায় ৪৬ রানে এবং শিরোপা ঘরে তোলে।

ভারতের পক্ষে প্রেমা রাওয়াত ৩টি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার ২টি করে উইকেট নেন।

দারুণ বোলিং শুরু সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। তবুও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সে ভবিষ্যতের জন্য আশার আলো দেখিয়েছে তরুণ বাঘিনীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আদাবরে কারখানায় কিশোর গ্যাং হামলা

আদাবরে কারখানায় কিশোর গ্যাং হামলা