পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি শহরে বিক্ষোভ চলাকালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আখতার নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নিহত আখতার ইংল্যান্ডের পিটারবরোর বাসিন্দা ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুন অর্থনৈতিক ও নির্বাচনী সংস্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি প্রাণ হারান। পরিবারের দাবি, আখতার বিক্ষোভে অংশ নেননি; তিনি নিজের বাড়ির কাছাকাছি অবস্থান করছিলেন এবং লক্ষ্যভ্রষ্ট একটি গুলিতে নিহত হন।
এদিকে, একই ঘটনায় নটিংহ্যামের আরেক ব্রিটিশ নাগরিক ওয়াকাস আরিফকে আটক করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি, কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক রাখা হয়েছে।
দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কাশ্মীরে চলমান আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। যদিও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের ওই অঞ্চলে অতি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকার পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
কসমিক ডেস্ক