বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন গঠিত ট্রাস্টি বোর্ডে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আহমেদ আযম খানকে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ইশরাক হোসেন ছাড়াও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী এবং জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
কসমিক ডেস্ক