দেশের সাইবার নিরাপত্তা জোরদার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং গবেষণালব্ধ উদ্ভাবনকে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
সোমবার (২০ জুলাই) সকালে মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এমআইএসটিতে পৌঁছালে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান তাকে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির সাইবার রেঞ্জ ঘুরে দেখেন। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সাইবার রেঞ্জের সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। তাই সাইবার ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন, যাতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যায়।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির ম্যাভিরভ (MAVIROV) দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দলটি তাদের উদ্ভাবনী কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। পরে গবেষণা ও উন্নয়ন শাখা পেটেন্ট, উদ্ভাবন এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে উপস্থাপনা করে।
তিনি বলেন, গবেষণার ফলাফল শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এগুলোকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় পণ্যে রূপান্তর করা গেলে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তরুণ গবেষক ও উদ্ভাবকদের জন্য প্রয়োজনীয় গবেষণা সুবিধা, প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, কৃষি, শিল্প এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন খাতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত আন্তর্জাতিক MATEROV International Underwater Robot Competition 2026-এ বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এমআইএসটির MATEROV দল।
পরিদর্শনের শেষদিকে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং ম্যাভিরভ দলের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
কসমিক ডেস্ক