তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ছবির ক্যাপশন:

টানা ভারী বর্ষণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা এ বৃষ্টিপাতের তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

অবিরাম বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক, অটোরিকশা চালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। কয়েকদিন ধরে কাজ কমে যাওয়ায় দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে উত্তরাঞ্চলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী এক সপ্তাহও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ