কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছবির ক্যাপশন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং মানবিক দর্শনকে সরকারি আনুষ্ঠানিকতা বা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বছরব্যাপী ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক বিশ্বে নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধ গঠনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি মনে করেন, বর্তমান সময়ের সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নজরুলের আদর্শ তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

তিনি আরও বলেন, সাহিত্য সম্মেলন, গবেষণা কার্যক্রম, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনা, নাট্যোৎসব এবং ডিজিটাল সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশ-বিদেশে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে। এসব উদ্যোগের মাধ্যমে কবির চিন্তা, আদর্শ এবং সৃজনশীলতা আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তরুণ প্রজন্মের সঙ্গে নজরুলের জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতে জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে নজরুল গবেষক, শিল্পী এবং সংস্কৃতিসেবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির চেতনা ও দর্শনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে।

অনুষ্ঠানে তিনি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে নজরুল গবেষক ও শিল্পীদের ভার্চুয়ালি যুক্ত রাখার বিষয়টি অধিক যৌক্তিক এবং কার্যকর হতে পারে।

প্রধানমন্ত্রী আরও জানান, কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল এলাকাকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি নজরুলের সাহিত্য ও মানবিক বার্তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে বহুভাষিক অনুবাদ এবং গবেষণা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতে তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নজরুলের মানবিক আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তন আনছে আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তন আনছে আর্জেন্টিনা