বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (দ্য এফএ)। বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য গঠিত নতুন প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি বাণিজ্যিক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ পর্যন্ত সংখ্যালঘু (মাইনরিটি) শেয়ার বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা।
পরিকল্পনা অনুযায়ী, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)' নামে নতুন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে।
জানা গেছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটারনাল’ এবং জেপি মরগান চেজ। জোশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ফিফার এই পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কোনো ধরনের ধারণা বা আনুষ্ঠানিক অবহিতকরণ ছিল না। এফএ অভিযোগ করেছে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ঘাটতি রয়েছে এবং এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সদস্য সংস্থাগুলোর সঙ্গে যথাযথ পরামর্শ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ফিফার এই বাণিজ্যিক উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের অর্থনৈতিক কাঠামো ও টুর্নামেন্ট পরিচালনায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এ কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কসমিক ডেস্ক