বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল ছবির ক্যাপশন:

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি ধাতিনা ভোল মাছ। পরে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরাজ হাওলাদারের আড়তে মাছটির নিলাম হয়। প্রতি কেজি ১৬ হাজার ১৩৬ টাকা দরে মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর।

জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারে মাছটি ধরা পড়ে। সাগরের আবহাওয়া খারাপ থাকায় ওই সময় ইলিশের পরিমাণ কম ছিল। বাড়ি ফেরার আগের রাতে জাল ফেললে জেলেদের জালে বড় আকৃতির ধাতিনা ভোলটি উঠে আসে।

ট্রলারের মালিক ইলিয়াছ হোসেন জানান, ২২ কেজি ওজনের মাছটি ধরা পড়ার পর তারা বিষয়টি জানতে পারেন। বড় মাছ হওয়ায় এটি ভালো দামে বিক্রি হবে বলে আশা করেছিলেন তারা।

মাছটির ক্রেতা ব্যবসায়ী হারুন মীর জানান, ধাতিনা ভোলের বাজারদর তুলনামূলক বেশি। তিনি মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন। বরফ দিয়ে মাছটি প্রথমে বড় মোকামে নেওয়া হবে। পরে সেটি চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

বাগেরহাট কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, দীর্ঘদিন পর ২২ কেজি ওজনের এত বড় একটি ধাতিনা ভোল ধরা পড়েছে। মাছটি সাড়ে তিন লাখ টাকার বেশি দামে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

তিনি জানান, ধাতিনা ভোলের পটকার আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এর পটকা উচ্চ দামে বিক্রি হয়। ওষুধ ও সার্জিক্যাল সুতা তৈরিতেও পটকাটি ব্যবহৃত হয় বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বায়তুল মোকাররম এলাকায় ১১ দলীয় জোটের মিছিল ও সমাবেশ

বায়তুল মোকাররম এলাকায় ১১ দলীয় জোটের মিছিল ও সমাবেশ