বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ এবং মানসম্মত কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজকরা প্রতিযোগিতার উদ্দেশ্য, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং এবারের আয়োজনের বিভিন্ন নতুন দিক তুলে ধরেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল এবং হসপিটালিটি—এই চারটি বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের অভিজ্ঞতার ভিত্তিতে এবার বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা এবং সামগ্রিক আয়োজনকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে তাদের সম্পন্ন করা প্রকল্প জমা দিতে পারবেন। ওয়েবসাইটে অংশগ্রহণের নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের পরিচিতি এবং মূল্যায়নের ধাপসহ প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডেব) সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, গত তিন দশকে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এ শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন। একই সঙ্গে আইডেবের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাদের সেরা কাজ নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এই আয়োজন শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক মানে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কসমিক ডেস্ক