রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়নসংক্রান্ত বিদ্যমান আইন-বিধিমালা আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান আইনি কাঠামো আরও শক্তিশালী করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করবে এই কমিটি। আইন দুটির প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও হালনাগাদের বিষয়ে সুপারিশ প্রণয়নই হবে কমিটির মূল দায়িত্ব।
গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সদস্য হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। তিন মন্ত্রীর সমন্বয়ে গঠিত এই কমিটি রাজধানীর নগর ব্যবস্থাপনা ও ভবন নির্মাণে বিদ্যমান আইনি জটিলতা দূর করার বিষয়ে কাজ করবে।
সরকারের মতে, বর্তমান বাস্তবতায় দ্রুত নগরায়ণ, বহুতল ভবন নির্মাণ এবং নগর পরিকল্পনার পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইনগুলো যুগোপযোগী করা প্রয়োজন। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটির সার্বিক সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। এরপর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আইন সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে ইমারত নির্মাণ, নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
কসমিক ডেস্ক