
খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাক এবং বিএল কলেজগামী আরেকটি যাত্রীবাহী বাস একই সড়কে চলার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক, হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের শিক্ষার্থী ইভা, তামান্না জান্নাত, সাবরিনা, রন্তা রায়, মাইমুনা, নাজমুন নাহারসহ আরও কয়েকজন এবং বাসের হেলপার সাইফুল। তাদের সবাইকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি জ্বালানি তেলবাহী ট্রাক চলার সময় হঠাৎ করে এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এরপর ট্রাকটির পেছনে থাকা আরেকটি যাত্রীবাহী বাস সামনে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাককে এড়িয়ে যেতে না পেরে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।