
রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি আম হাট পরিদর্শন করে স্থানীয় আমের স্বাদে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে পৌঁছে বিভিন্ন জাতের আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, এটি তার প্রথম রাজশাহী সফর হিসেবে রাষ্ট্রদূত হিসেবে এসেছে। তবে এর আগে ২০২০ সালে তিনি একবার রাজশাহী সফর করেছিলেন। এবার বিশেষভাবে আমের মৌসুমে এসে তিনি বাংলাদেশের বিখ্যাত আম সরাসরি উপভোগ করার সুযোগ পেয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান একটি অঙ্গরাজ্য থেকে আসায় কৃষিপণ্য উৎপাদন ও সরাসরি অভিজ্ঞতা নেওয়ার গুরুত্ব তিনি ভালোভাবে বোঝেন। তার মতে, উৎপাদনস্থলে গিয়ে পণ্য দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে।
বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে, তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়। বাংলাদেশের মতো তাজা আম সেখানে সহজলভ্য নয়, যা রপ্তানির ক্ষেত্রে একটি বড় সম্ভাবনা তৈরি করতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তাদের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, এতে রাজশাহীর আম আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে এবং রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে।