
ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (১৭ জুন) মৌলভীবাজার জেলা সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৭ জুন বুধবার মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সফরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভাতেও অংশ নেবেন।
সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়ক পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা এবং সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী যেসব পথ দিয়ে যাতায়াত করবেন সেসব সড়কের সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনসভাস্থল হিসেবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কার কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলীয় পর্যায়েও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি ও আগ্রহ দেখা যাচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচির এই নতুন ধাপ সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।