
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক যৌথ উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, সমঝোতা স্মারকটি ইতোমধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে এবং শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে।
আলজাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সমঝোতায় যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ইরান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
ট্রাম্প আরও জানান, সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স অংশ নেবেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে ধাপে ধাপে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং নৌ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে যে এই সমঝোতার মাধ্যমে বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শিথিল করা হবে। পাশাপাশি পরবর্তী ৬০ দিনের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে আলোচনা হবে।
তবে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন বক্তব্য দেখা গেছে। ইরানের পক্ষ থেকে জব্দকৃত সম্পদ ফেরত ও তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের দাবি করা হলেও মার্কিন প্রশাসন তা অস্বীকার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সমঝোতা কার্যকর হয়, তবে এটি বৈশ্বিক জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এখনো চূড়ান্ত নথি প্রকাশ না হওয়ায় বিষয়টি ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে।