প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
চট্টগ্রামে শিশু শ্রমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামে শিশু শ্রম বন্ধ এবং শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত দুর্ঘটনা, স্বাস্থ্যঝুঁকি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকে। তাই শিশুশ্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে সরকার, বেসরকারি সংস্থা এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা উল্লেখ করেন, সরকার শিশুশ্রম শূন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের হার কিছুটা কমলেও বর্তমানে ১০ লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে, যাদের অধিকাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করে। জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে, চট্টগ্রাম বিভাগে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশু শ্রমে নিয়োজিত, যা দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ।
শিশুশ্রমের কারণে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত দেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার বলেন, শিশুশ্রম বিরোধী আইনের কঠোর প্রয়োগ, কর্মক্ষেত্রে নিয়মিত তদারকি, দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি এবং চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর ব্যবহার সহজলভ্য করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া শিশু অধিকারকর্মীরা বলেন, পরিবারের অর্থনৈতিক সংকট, শিক্ষার ব্যয়, সামাজিক নিরাপত্তার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাব শিশুশ্রম বৃদ্ধির অন্যতম কারণ। এসব সমস্যা সমাধানে দরিদ্র পরিবারকে সহায়তা, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখা এবং আইন প্রয়োগ জোরদার করার আহ্বান জানান তারা।
মানবাধিকারকর্মীরা জানান, চট্টগ্রামের পরিবহন খাত, ওয়ার্কশপ, গ্যারেজ, শুঁটকিপল্লি ও ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মস্থলে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা বলেন, শিশুদের শ্রমের ন্যায্য মূল্য সম্পর্কে সচেতনতার অভাব এবং পারিবারিক দারিদ্র্যের কারণে অনেক শিশু শোষণের শিকার হচ্ছে এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন থেকে শিশু শ্রমমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকল শিশুর জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষানির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা