
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিমানঘাঁটি কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
বিমানঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে চোখে পড়ছিল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম শুরু করে।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, বিমানটি নিয়মিত পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় বিমানে সামরিক সদস্যদের পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং বেসামরিক ঠিকাদারও ছিলেন। লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ও গবেষণা কেন্দ্রগুলোর একটি।
দুর্ঘটনার পর প্রকাশিত আকাশপথের ভিডিও ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পরও ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হচ্ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী এই বিমান ব্যবহার করে আসছে। ‘দ্য বাফ’ নামেও পরিচিত এই বিমানটি বিশাল আকার, দীর্ঘ পাল্লা এবং ভারী অস্ত্র বহনের সক্ষমতার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এতে সাধারণ বোমার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে। আকাশে উড্ডয়নরত অবস্থায় জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এটি বিশ্বের যেকোনো অঞ্চলে দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারে। সামরিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।