
স্বাস্থ্য সচেতন মানুষের কাছে চিয়া সিড এখন একটি জনপ্রিয় সুপারফুড। পুষ্টিবিদদের মতে, নিয়মিত চিয়া সিড খেলে শরীরের প্রয়োজনীয় ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নয়ন এবং শরীরের ভেতরের প্রদাহ কমাতে সহায়তা করে।
অনেকে সাধারণত চিয়া সিড পানিতে ভিজিয়ে খেয়ে থাকেন। তবে এটি দিয়ে আরও সুস্বাদু ও আকর্ষণীয় ডেজার্ট তৈরি করা সম্ভব। এমনই একটি সহজ ও স্বাস্থ্যকর রেসিপি হলো ‘চিয়া সিড কফি পুডিং’, যা সকালের নাস্তা বা বিকেলের হালকা ডেজার্ট হিসেবে খাওয়া যেতে পারে।
এই পুডিং তৈরি করতে প্রয়োজন চিয়া সিড, দুধ, চিনি, ইনস্ট্যান্ট কফি পাউডার, গরম পানি এবং কিছু ফল। প্রথমে গরম পানির সঙ্গে কফি পাউডার ও চিনি ভালোভাবে মিশিয়ে একটি কফি মিশ্রণ তৈরি করতে হয়। এরপর একটি জারে দুধের সঙ্গে এই কফি মিশ্রণ মিশিয়ে নিতে হয়।
এরপর সেই মিশ্রণে চিয়া সিড যোগ করে ২০–৩০ সেকেন্ড ভালোভাবে নেড়ে নিতে হয়, যাতে দানা নিচে জমে না যায় এবং সমানভাবে মিশে যায়। তারপর জারটি ফ্রিজে অন্তত এক ঘণ্টা রেখে দিলে এটি ধীরে ধীরে ঘন পুডিংয়ের মতো টেক্সচার নেয়।
পরিবেশনের সময় ওপরে কলা, আপেল বা স্ট্রবেরির মতো পছন্দের ফল কুচি দিয়ে সাজিয়ে নিলে তৈরি হয়ে যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর চিয়া সিড কফি পুডিং।
এই রেসিপিটি শুধু সহজই নয়, বরং কম সময়েই পুষ্টিকর খাবার প্রস্তুত করার একটি দারুণ উপায়। যারা ব্যস্ত জীবনেও স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।