
বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত নাম গাজী টিভি (জিটিভি) দর্শকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সম্প্রচারের ১৫ বছর পূর্ণ করেছে। এই বিশেষ অর্জন উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, শিল্পী, কলাকুশলী, কর্পোরেট প্রতিনিধি এবং গাজী টিভির বর্তমান ও সাবেক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে উপস্থিত অতিথিরা চ্যানেলটির দীর্ঘ পথচলা, সাফল্য এবং দর্শকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের বিভিন্ন দিক স্মরণ করেন।
“ভরসা ও ভালোবাসায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় গাজী টিভির ১৫ বছরের যাত্রার নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। সংবাদ, খেলাধুলা, বিনোদন, নাটক, রিয়েলিটি শো এবং বিশেষ অনুষ্ঠানমালার মাধ্যমে দেশের কোটি দর্শকের কাছে পৌঁছে যাওয়ার গল্প স্থান পায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে।
বক্তারা বলেন, দর্শকদের আস্থা ও ভালোবাসাই গাজী টিভির সবচেয়ে বড় শক্তি। পরিবর্তনশীল প্রযুক্তি ও গণমাধ্যমের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যেও মানসম্মত অনুষ্ঠান এবং দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি নিজস্ব অবস্থান সুদৃঢ় রাখতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য এবং কেক কাটার আয়োজন ছিল। বিভিন্ন পর্যায়ের অতিথিরা গাজী টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, গত ১৫ বছরে দর্শকের সঙ্গে যে আস্থা, সম্পর্ক ও ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তথ্য, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
ভরসা ও ভালোবাসার এই দীর্ঘ যাত্রায় নতুন প্রত্যয় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গাজী টিভি। দর্শকদের সমর্থনকে পাথেয় করে আগামী দিনেও মানসম্মত সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।