
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া রেফারির নাম। কারণ, এই ম্যাচে বাঁশি হাতে থাকবেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ স্মৃতি বেশ ইতিবাচক।
আগামী ১৭ জুন কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচে দায়িত্ব পালন করবেন মার্চিনিয়াক। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন পোল্যান্ডের তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিক। এছাড়া চতুর্থ ও রিজার্ভ ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস।
বিশ্বকাপ ইতিহাসে মার্চিনিয়াকের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক বিশেষভাবে স্মরণীয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে তিনিই ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।
এছাড়া কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেও মার্চিনিয়াক দায়িত্বে ছিলেন। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল লিওনেল মেসির দল।
মার্চিনিয়াক প্রথমবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে তার পরিচালনায় বিশ্বকাপে আর্জেন্টিনা কখনো পরাজয়ের মুখ দেখেনি। তিনটি ম্যাচের মধ্যে দুটি জয় এবং একটি ড্র রয়েছে আলবিসেলেস্তাদের ঝুলিতে।
বিশ্বকাপের শিরোপাধারী হিসেবে এবারও বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচে পরিচিত ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত এক রেফারির উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
তবে মাঠের ফল নির্ধারণ হবে খেলোয়াড়দের পারফরম্যান্সেই। আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারলে শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী সূচনা পাবে আর্জেন্টিনা। এখন অপেক্ষা ১৭ জুনের ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার।