
ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশজুড়ে এক উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে কেন্দ্র করে সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস আর প্রতিযোগিতামূলক মনোভাব চারদিকে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সিলেটেও দেখা গেছে বিশ্বকাপের সেই চিরচেনা উন্মাদনা। বিশেষ করে ব্রাজিলের ম্যাচের দিনেই আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী এক আয়োজন নজর কেড়েছে সবার।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী।
শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. শুয়াইব আহম্মেদ। তিনি বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের প্রতীক। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
তিনি আরও উল্লেখ করেন, পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বকে আরও মজবুত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্থোডোনটিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সায়মা শাহাদত এবং নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী। তারাও বক্তব্যে ফুটবলের ইতিবাচক দিক তুলে ধরেন এবং বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানবোধ তৈরি করে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। পুরো হাসপাতাল প্রাঙ্গণজুড়ে তখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন সমর্থকরা, যা উপস্থিত সবার মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
এই আয়োজন সম্পর্কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৯তম এমবিবিএস শিক্ষার্থী প্রবাল আহমদ ধ্রুব বলেন, ব্রাজিলের ম্যাচের দিন হলেও তারা আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতে একত্রিত হয়েছেন। তার মতে, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি তাদের আবেগের একটি বড় অংশ।
একই কলেজের ৬০তম ব্যাচের শিক্ষার্থী রিজুয়ান আহম্মেদ খান তানজিল বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করে। তাদের এই আয়োজন ছিল সম্পূর্ণ আনন্দ ও সম্প্রীতির প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকবে এবং সমর্থকদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকবে।
আরেক শিক্ষার্থী তানিয়া জানান, আর্জেন্টিনা তাদের কাছে শুধুমাত্র একটি দল নয়, বরং এটি একটি অনুভূতি। এই শোভাযাত্রা সেই আবেগেরই বহিঃপ্রকাশ।
ইন্টার্ন চিকিৎসক ডা. মো. মিছবাহুর রহমানও একই সুরে বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই তারা এই আয়োজনে অংশ নিয়েছেন। সহপাঠীদের সঙ্গে প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে সময় কাটানো তাদের জন্য একটি আনন্দঘন অভিজ্ঞতা হয়ে উঠেছে।
‘আর্জেন্টিনা পরিবার’ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের এই উন্মাদনায় দলভিত্তিক সমর্থন থাকলেও এমন আয়োজন প্রমাণ করে, খেলাধুলা শেষ পর্যন্ত মানুষকে একত্রিত করারই একটি বড় মাধ্যম।