
বিশ্বকাপ ২০২৬-এর আয়োজক তিনটি দেশের মধ্যে এবার আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর আজ কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।
কানাডার বিখ্যাত স্টেডিয়াম BMO Field-এ আয়োজিত এই অনুষ্ঠানে পুরো স্টেডিয়ামকে সাজানো হয় কানাডার জাতীয় পতাকার রঙে। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো আয়োজনকে ফুটিয়ে তোলা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর FIFA World Cup 2026 উপলক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার ইতিহাস, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনের গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন কানাডিয়ান সংগীত শিল্পী Alessia Cara, যিনি তার পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি মঞ্চে পারফর্ম করেন কানাডিয়ান গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি সংগীত শিল্পী ভেজেদ্রিয়ম।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে DJ Sanjoy, যিনি আধুনিক ইলেকট্রনিক মিউজিকের মাধ্যমে পুরো স্টেডিয়ামে ভিন্নমাত্রার পরিবেশ সৃষ্টি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে টরন্টো শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে এই বর্ণিল আয়োজন উপভোগ করেন। ফিফা জানিয়েছে, আয়োজক তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপকে আরও বৈচিত্র্যময় ও বৈশ্বিকভাবে উদযাপন করা হচ্ছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন কেবল ফুটবল নয়, বরং সংস্কৃতি, সংগীত এবং আন্তর্জাতিক ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।