
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। আজ শনিবার সকাল ৯টায় বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকার আকাশ ত্যাগ করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যিনি সফরসঙ্গী হিসেবে কক্সবাজারে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে তার দিনের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সেখানে একটি জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
দিনব্যাপী সফরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনের পর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এরপর পেকুয়া উপজেলায় ২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।
সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে অংশ নেওয়ার পর দিনশেষে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবেন বলে জানা গেছে। পুরো সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এই সফরের মাধ্যমে কক্সবাজারে উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও রাজনৈতিক কর্মসূচির সমন্বিত একটি দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।