
আইসিটি ও টেলিকম খাতকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী দিনে দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ৫জি সেবা পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি ও টেলিকম খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর। বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১–২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য অর্জনে সরকার অবকাঠামো উন্নয়ন, ওয়ারলেস ও ওয়ারলাইন কানেক্টিভিটি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ান সিটিজেন–ওয়ান আইডি–ওয়ান ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা চালুর পরিকল্পনাও।
সরকার আইসিটি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার করেছে। একই সঙ্গে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বক্তৃতায় আরও বলা হয়, ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপনসহ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ট্রেন ও বিমানবন্দরসহ কিছু স্থানে ফ্রি হাই-স্পিড ইন্টারনেট চালু করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অর্থনীতি নতুন গতিতে প্রবেশ করবে এবং কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর শিল্পে বড় পরিবর্তন আসতে পারে।