
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি Jisan Ahmed Pradhan নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় বিষয়টি জানানো হয়েছে, তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র অনুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে হোয়াটসঅ্যাপে তাকে সক্রিয় দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দাউদকান্দি এলাকায় মসজিদ থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন বলে জানা যায়। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।