প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে গংগারহাট বিওপির একটি টহল দল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গংগারহাট বিওপির আরেকটি টহল দল ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং একটি সুজুকি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত ৪৪৫ পিস ভারতীয় ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা এবং ২ বোতল ইস্কাপ সিরাপের মূল্য ৮০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।বিজিবি আরও জানায়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা