
লিওনেল মেসির জন্য মাইলফলক নতুন কিছু নয়—আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ার যেন একের পর এক ইতিহাস লেখার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের আগে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড গড়েছেন এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি পৌঁছে যান অনন্য এক অর্জনে। এই সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল আমাদেও লাব্রুনার দীর্ঘদিনের রেকর্ড।
লাব্রুনা ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন ৩৮ বছর ৯ মাস বয়সে, যা এতদিন ছিল আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। ৬৭ বছরের পুরোনো সেই ইতিহাস ভেঙে দিলেন মেসি, যিনি ইতোমধ্যেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হিসেবে পরিচিত।
মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১৯৯টি ম্যাচ খেলেছেন এবং ১১৭টি গোল করেছেন। এই বিশ্বকাপে তিনি মাঠে নামলে সেটি হবে তার জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ—যা আর্জেন্টিনার ইতিহাসে আর কেউ করতে পারেননি।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মেসি শুধু গোলই নয়, অসংখ্য রেকর্ড ও শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। বয়স ৩৮ হলেও তার পারফরম্যান্স এখনো সমানভাবে কার্যকর, যা ফুটবলবিশ্বে বিরল উদাহরণ।
এদিকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ড এখনো ধরে রেখেছেন মার্টিন পালের্মো, যিনি ২০১০ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে গোল করেছিলেন। তবে মেসির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ এখনও রয়েছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, মেসির এই ধারাবাহিকতা প্রমাণ করে যে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং এক জীবন্ত ইতিহাস। বিশ্বকাপের আগে তার এই রেকর্ড আর্জেন্টিনার জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগ করবে।